জয় দিয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২৬, ২২:৩৩| আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ২২:৩৪
অ- অ+

হার যেন অবধারিতই মনে হচ্ছিল। নিজেদের মাঠে বলের দখল ছিল ম্যানচেস্টার সিটির, কিন্তু বোর্নমাউথের রক্ষণ ভাঙার পথ মিলছিল না। এক গোলে পিছিয়ে থাকা সিটিকে ম্যাচে ফেরালেন মার্ক গেয়ি। এরপর যোগ করা সময়ে ইয়োশকো ভার্দিওলের দুর্দান্ত ফিনিশে বদলে গেল সব হিসাব। ২-১ গোলের নাটকীয় জয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করল ম্যানচেস্টার সিটি।

ইত্তিহাদ স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছিল স্বাগতিকেরা। চতুর্থ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ আসে। আর্লিং হলান্ডের পাস থেকে ফিল ফোডেন বল বাড়িয়ে দেন রিকো লুইসকে। তবে ভালো জায়গা থেকে নেয়া তার শট সরাসরি চলে যায় গোলরক্ষকের হাতে।

বল পায়ে রাখার দিক থেকে সিটি এগিয়ে থাকলেও আক্রমণে সেই ধার দেখা যাচ্ছিল না। উল্টো ২৬ মিনিটে পাল্টা আক্রমণ থেকে এগিয়ে যায় বোর্নমাউথ। ডান দিক দিয়ে পাওয়া দুর্দান্ত পাসে বক্সে ঢুকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান মার্ক ট্যাভার্নার।

বিরতির পর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে সিটি। ৫১ মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিলেন গেয়ি। কর্নার থেকে দূরের পোস্টে একেবারে ফাঁকা জায়গায় বল পেয়েও তার হেড চলে যায় গোলের বাইরে।

হলান্ডও কয়েকবার চেষ্টা করেছেন। ৭২ মিনিটে বক্সে জায়গা করে নিয়ে শট নিলেও তা লক্ষ্যে রাখতে পারেননি নরওয়েজিয়ান তারকা। তিন মিনিট পর ফের সুযোগ এসেছিল তার সামনে। এবারও শট যথেষ্ট শক্তিশালী না হওয়ায় বল সহজেই গ্লাভসে জমা নেন বোর্নমাউথ গোলরক্ষক পেত্রোভিচ।

তবে ৮৪ মিনিটে আর ভুল করেননি গেয়ি। রায়ান শের্কির কর্নার থেকে পাওয়া বলে শক্তিশালী হেড করেন তিনি। বল এক খেলোয়াড়ের মাথায় লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে সমতায় ফেরে সিটি।

সমতা ফেরার পরও থামেনি স্বাগতিকদের আক্রমণ। যোগ করা সময়ের প্রথম মিনিটেই আসে কাঙ্ক্ষিত জয়। দুই ডিফেন্ডারের চ্যালেঞ্জ এড়িয়ে বক্সে বল বাড়িয়ে দেন শের্কি। প্রথম স্পর্শেই বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে বোর্নমাউথের জালে পাঠান ভার্দিওল।

এই জয়ে নতুন কোচ এন্তসো মারেসকার অধীনে প্রিমিয়ার লিগে শুভ সূচনা হলো সিটির। এর আগে তার অধীনে প্রথম ম্যাচেই এফএ কমিউনিটি শিল্ডে আর্সেনালের কাছে হেরেছিল দলটি। এবার নিজেদের মাঠে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে সেই হতাশা কিছুটা হলেও মুছে দিল ম্যানচেস্টার সিটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জামায়াত কর্মী আটক
ডায়ালাইসিসের জন্য সিরিয়ালের অপেক্ষা করতে হবে না রোগীদের: স্বাস্থ্যমন্ত্রী
চট্টগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
সিরাজগঞ্জে কৃষক হত্যায় ৬ জনের যাবজ্জীবন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা