৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ২২:০৬
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে (ডিসিইউ) স্থানান্তরের আনুষ্ঠানিক রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিসিইউর রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী স্থানান্তর ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৩ আগস্ট শিক্ষামন্ত্রীর সভাপতিত্বে শিক্ষা উপদেষ্টা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডিসিইউ প্রশাসন এবং সংশ্লিষ্ট সাত কলেজের অধ্যক্ষদের অংশগ্রহণে অনুষ্ঠিত যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত বাস্তবায়নে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হবে। একই সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হবে ‘স্থানান্তর বাস্তবায়ন কমিটি’।

রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩১ আগস্টের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় উল্লিখিত তিন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকা, পরীক্ষার ফল, সিলেবাস ও একাডেমিক রেগুলেশনের হার্ড ও সফটকপি ডিসিইউ প্রশাসনের কাছে হস্তান্তর করবে।

শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও তথ্যসেবা দিতে ডিসিইউর প্রশাসনিক কার্যালয় এবং সাত কলেজের প্রতিটিতে পৃথক হেল্পডেস্ক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিলেবাস অনুসারেই অনুষ্ঠিত হবে।

২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ হবে সেপ্টেম্বর ২০২৬ সালে এবং পরীক্ষা শুরু হবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এ ক্ষেত্রে টার্মপেপার মূল্যায়ন স্ব স্ব কলেজের বিভাগ সম্পন্ন করবে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণ অক্টোবর ২০২৬ সালে অনুষ্ঠিত হবে। তাদের পরীক্ষা শুরু হবে একই বছরের নভেম্বরের তৃতীয় সপ্তাহে।

অন্যদিকে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণ হবে ডিসেম্বর ২০২৬ সালে। এ বর্ষের পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে।

বিষয়ভিত্তিক পরীক্ষার রুটিন ও চূড়ান্ত তারিখ খুব শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ডিসিইউ কর্তৃপক্ষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন পুতিন
বার্সেলোনায় যোগ দিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক লিভাকোভিচ
সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট
কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিবো: ধর্ম প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা