দেশজুড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা শুরু

সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। জেলা পর্যায়ে আজ সোমবার থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
জেলা পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়েছে নেত্রকোনা সরকারি কলেজে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবু তাহের খানের সভাপতিত্বে আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। এতে নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা, যুক্তিবোধ ও সাংস্কৃতিক প্রতিভার বিকাশে ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রেও এ প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা পর্যায়ের আয়োজন ঘিরে বিভিন্ন কলেজে ইতিমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা এতে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরি হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































