বরিশালে ১০ এপিবিএনের আয়োজনে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আয়োজনে আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে।
সোমবার ১০ এপিবিএনের কেন্দ্রীয় খেলার মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. শাহাব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও পুনাক, ১০ এপিবিএন বরিশালের সভানেত্রী মুবাশিরা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১০ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) মো. জাহাঙ্গীর আলম। তিনি আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ক্রীড়া পরিচালনা উপকমিটির আহ্বায়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১০ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো. সাইফুল আলম মুজাহিদ, সহকারী পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড অপারেশনস) আশফাক আহমেদ, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল মতিনসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা।
আয়োজকেরা জানান, এবারের প্রতিযোগিতায় স্বাগতিক ১০ এপিবিএনসহ মোট নয়টি এপিবিএনের ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে উদ্বোধনী ফেস্টুন উন্মোচন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনের দিন দুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দুটি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







