সাউথ পয়েন্ট কলেজের ভবন থেকে পড়ে আহত অমিতের মৃত্যু, আত্মহত্যা নাকি দুর্ঘটনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩২
অ- অ+

সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ ক্যাম্পাসের বহুতল ভবন থেকে পড়ে গুরুতর আহত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অমিত ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ৪৫ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অমিত সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের ‘আইসোটোপ’ সেকশনের শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে কলেজজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে মালিবাগ ক্যাম্পাসের ৬ নম্বর ভবন থেকে পড়ে গুরুতর আহত হয় অমিত। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা তাকে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন ছিল সে।

সোমবার শিক্ষার্থীদের অভিভাবকদের বিভিন্ন গ্রুপে দেওয়া এক বার্তায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অমিত ঘোষ আর আমাদের মাঝে নেই। আজ সকাল ৬টা ৪৫ মিনিটে অমিত ঘোষ ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছে। অমিতের অকাল প্রয়াণে সাউথ পয়েন্ট পরিবার গভীরভাবে শোকাহত।’

এদিকে অমিতের ভবন থেকে পড়ে যাওয়ার ঘটনাটি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত—তা নিয়ে আলোচনা চলছে। কয়েকজন শিক্ষক ও প্রত্যক্ষদর্শী ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও পরিবারের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।

অভিভাবকদের একটি পক্ষের দাবি, যে ভবন থেকে অমিত পড়ে যায়, সেটি নির্মাণাধীন ছিল। ভবনটির ওপরের অংশে কাজ চলছিল এবং সেখানে শিক্ষার্থীদের প্রবেশ নিষেধ ছিল। ফলে অমিত সেখানে কীভাবে গেল এবং ঘটনাটি কীভাবে ঘটল, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

অমিতের সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ঘিরেও নানা আলোচনা তৈরি হয়েছে। সেখানে তার জন্মতারিখের পাশাপাশি ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখটি উল্লেখ ছিল বলে জানা গেছে। বিষয়টি দেখে শিক্ষক-অভিভাবকদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে এসব তথ্যের ভিত্তিতে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে নিশ্চিত করা যায়নি।

ঘটনার পর রামপুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় এখনো কোনো অভিযোগ জমা পড়েনি বলে জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর।

তিনি বলেন, ‘ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টদের বক্তব্য, ঘটনাস্থলের পরিস্থিতি এবং অন্যান্য তথ্য যাচাই করে তদন্ত প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/১৪ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩২
অনলাইন জুয়া খেলার সময় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
দিনাজপুরে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা 
বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে