মেয়েদের জন্য আরও নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১
অ- অ+

মেয়েদের জন্য আরও নিরাপদ ও সহায়ক ক্যাম্পাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি বলেছেন, সমাজে মেয়েদের জন্য এখনো পর্যাপ্ত নিরাপদ পরিসর তৈরি করা সম্ভব হয়নি। বাল্যবিবাহ, সহিংসতা ও নানা সামাজিক প্রতিবন্ধকতার কারণে অনেক মেয়ে উচ্চশিক্ষায় আসার আগেই ঝরে পড়ে। এই পরিস্থিতির পরিবর্তনে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার ও সমাজকেও দায়িত্ব নিতে হবে।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর হবিগঞ্জ জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ড. আমানুল্লাহ বলেন, সরকারের লার্নিং উইথ হ্যাপিনেস কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে আমরা দেশব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রেখেছি। এই কর্মসূচির মূল কথা হলো- শিক্ষার্থীদের আনন্দময়, মানবিক ও নিরাপদ পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করা। শুধু শ্রেণিকক্ষের পড়াশোনা নয়, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক, খেলাধুলা ও সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, মেয়েদের STEM (Science, Technology, Engineering and Mathematics) শিক্ষায় আরও বেশি সম্পৃক্ত করতে হবে। ভবিষ্যতের কর্মক্ষেত্র ও শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষাকে যুক্ত করতে হবে। ২০২৮ সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমে বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শিক্ষাক্রমে শিল্প ও কর্মক্ষেত্রের সঙ্গে শিক্ষার সংযোগ আরও জোরদার করা হবে। এই পরিবর্তনের যাত্রায় মেয়েদেরও সমানভাবে সম্পৃক্ত করতে হবে।

বিশিষ্ট শিক্ষাবিদ ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থীদের জন্য এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তারা আনন্দের সঙ্গে শিখবে, নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হবে। সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের নেতৃত্ব, যুক্তিবোধ, সৃজনশীলতা ও দেশপ্রেমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াছ বখত চৌধুরীসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ অতিথিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেম থেকে বিরোধ, প্রেমিকার খণ্ডিত লাশ লাগেজে ও বস্তায়
সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর
নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১