ক্ষমতায় গেলে বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানাবে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

ভবিষ্যতে জামায়াত-শিবির কখনো ক্ষমতায় গেলে তারা বাংলাদেশকে পাকিস্তানের অংশ বানাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা তার একটি প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ডাকসুকে ছাত্রশিবির নিজেদের প্রধান কার্যালয় বানিয়েছে অভিযোগ করে স্ট্যাটাসে রাশেদ খাঁন লেখেন, ‘ভবিষ্যতে জামায়াত শিবির কখনো ক্ষমতায় গেলে বাংলাদেশকে যে পাকিস্তানের অংশ বানাবে, ডাকসু সংগ্রহশালা তার একটি প্রমাণ। ডাকসুকে পুরো জামাতিকরণ করেছে শিবির! ডাকসু যেন শিবিরের প্রধান কার্যালয়! আর তার অংশ হিসেবে ডাকসুতে দেশবিরোধী ও ভাষাবিরোধীদের ছবি টাঙিয়েছে জামায়াত-শিবির!’
তিনি আরও লিখেন, ‘ছবি যদি টাঙাতে হয়, তবে ১৯৮১ সালে বায়তুল মোকাররমের সামনে জনগণ কর্তৃক গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবিও টাঙানো উচিত! আর পাকস্থানের জাতির পিতা মুহাম্মদ আলী জিন্নাহকে যদি এতো ভালো লাগে, তবে বাংলাদেশ ছেড়ে জামায়াত-শিবিরের পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করা উচিত! বাংলাদেশে থেকে দেশবিরোধী শক্তিকে প্রাসঙ্গিক করার দুঃসাহস জামায়াত-শিবির কোত্থেকে পায়? সময় থাককে এই শক্তির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে, এরা বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গরাজ্য বানিয়ে ছাড়বে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













