শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রযুক্তিগত যোগাযোগ অপরিহার্য: উপাচার্য আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে ‘Connecting Every Campus’ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের কাছে বিশ্ববিদ্যালয়ের কর্পোরেট সিম পৌঁছে দেয়া হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যক্ষদের মধ্যে গ্রামীণফোনের সিম বিতরণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও শিক্ষার্থী-কলেজবান্ধব করতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছি। খুব শিগগিরই অধিভুক্ত কলেজগুলোর জন্য উচ্চগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার উদ্যোগ বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (LMS) ও এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (EMS)-এর কার্যকারিতা ও সক্ষমতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ICT Division-কে আরও আধুনিক ও শক্তিশালী করা হচ্ছে।
ভাইস-চ্যান্সেলর বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে প্রযুক্তিনির্ভর একটি সমন্বিত শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে দেশের বিভিন্ন প্রান্তের অধিভুক্ত কলেজগুলো দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকতে পারবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ডাটা ক্যাপাসিটিও শিগগিরই বাড়ানো হবে। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রশাসন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও গতিশীল করতে চাই।
প্রথিতযশা এই উন্নয়ন গবেষক বলেন, “অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সরাসরি ও দ্রুত যোগাযোগ নিশ্চিত করতেই ‘Connecting Every Campus’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে জরুরি নির্দেশনা, প্রশাসনিক সিদ্ধান্ত, পরীক্ষা ও শিক্ষা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে তথ্য আদান-প্রদান আরও দ্রুত হবে।”
ভাইস-চ্যান্সেলর বলেন, “কোনো সিদ্ধান্ত নেওয়ার পর সেটি দ্রুত মাঠপর্যায়ে পৌঁছানো যেমন জরুরি, তেমনি কলেজ পর্যায়ের সমস্যা, প্রয়োজন ও মতামতও সময়মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছানো দরকার। যোগাযোগের এই দুই দিককে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে যোগাযোগের দূরত্ব আরও কমে আসবে।”
ভাইস-চ্যান্সেলর বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় ও কলেজের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ কমানো এবং প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা দ্রুত পৌঁছে দেওয়া। একই সঙ্গে কলেজগুলোর বাস্তব অভিজ্ঞতা, সমস্যা ও পরামর্শ যেন দ্রুত বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্যায়ে পৌঁছায়, সে ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে।”
তিনি বলেন, “প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সুফল আমাদের ৪০ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছাতে চাই। তাই ‘Connecting Every Campus’ শুধু যোগাযোগের একটি উদ্যোগ নয়; এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষা পরিবারের মধ্যে আরও কার্যকর সমন্বয় ও সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি বলেন, “আমরা সবাই সমন্বিতভাবে কাজ করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রশাসনকে আরও দ্রুত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক করা সম্ভব।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের হবিগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ, গ্রামীণফোনের পরিচালক নুরুল ফেরদৌস মাসুন্না, জেনারেল ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং লিড স্পেশালিস্ট মো. এরশাদুল ইসলাম। অনুষ্ঠানে হবিগঞ্জ অঞ্চলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৫টি কলেজের অধ্যক্ষ অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে গ্রামীণফোনের সিম বিতরণ করা হয়।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













