একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।
একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন গত রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হয়েছে। এবার বিভিন্ন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী।
বোর্ড সূত্র জানায়, আবেদনকারীদের মধ্য থেকে বিভিন্ন কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল বুধবার রাত ৮টায় প্রকাশ করা হবে। গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয়। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করার সুযোগ পেয়েছে।
ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
ফল দেখবেন যেভাবে
একাদশ শ্রেণিতে ভর্তির ফল দেখতে শিক্ষার্থীদের প্রথমে সরকারি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে ‘ভিউ রেজাল্ট’ (View Result) অপশনে ক্লিক করতে হবে।
এরপর এসএসসি বা সমমানের পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণ করে ‘সাবমিট’ করলে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে, তা দেখা যাবে।
ওয়েবসাইট: xiclassadmission.gov.bd
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













