উপাচার্য পুনর্বহালের দাবিতে চুয়েটে শিক্ষার্থীদের মশাল মিছিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় চুয়েটের সব আবাসিক হল থেকে মশাল হাতে মিছিল বের করা হয়।
মিছিল নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে মিলিত হয়। স্বাধীনতা চত্বরে মিলিত হবার পর শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি, সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘এক দফা এক দাবি, সায়েম স্যারকে ভিসি চাই’ ইত্যাদি ধ্বনিতে স্লোগান দেয়। পরে শিক্ষার্থীদের সম্মিলিত মিছিলটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে শুরু করে যানবাহন শাখা প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
এরপর প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা। মোমবাতি দিয়ে সেখানে ‘৫৬’ সংখ্যাটি ফুটিয়ে তোলেন তারা। এ সময় শিক্ষার্থীরা অধ্যাপক ড. সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি পুনর্ব্যক্ত করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আগামীকালের কর্মসূচিও ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী, আগামীকাল (শুক্রবার) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ র্যালি বের করবেন তারা। সেদিন বিকেলে গ্রাফিতি অঙ্কনের কর্মসূচির কথাও জানান তারা।
মশাল মিছিল নিয়ে পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আঁধারে সবার হাতে একসঙ্গে জ্বলে ওঠা মশাল আন্দোলনের সুদৃঢ় ঐক্য প্রদর্শন করে। সায়েম স্যার একজন বহুমুখী গুণসম্পন্ন মানুষ। তিনি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একজন শিক্ষক ও উপাচার্য ছিলেন। তার গত ৫৬ দিনের নেতৃত্বে চুয়েট দ্রুত এগিয়ে যাওয়ার পথে ছিল। কিন্তু হঠাৎ করে তাকে দায়িত্ব থেকে অপসারণ করাটা কোনো ভাবেই আমরা মেনে নিতে পারছি না। তাই তাকে পুনরায় উপাচার্য পদে নিয়োগ না দেওয়া পর্যন্ত আমাদের দাবি ও আন্দোলন চলবে। আমাদের একটাই দাবি সায়েম স্যারকে আবারও উপাচার্য হিসেবে চাই।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













