২৭ কর্মদিবসে ডিগ্রি তৃতীয় বর্ষের ফল, পাস ৪৪.২৭%; কেন এত ফেল, গবেষণা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ। ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছেন, এত শিক্ষার্থী কেন ফেল করেছেন, তা নিয়ে গবেষণা করা হবে।
বৃহস্পতিবার রাত ১২টায় ফল প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানিয়েছে, এবার ফল প্রকাশে সময় লেগেছে মাত্র ২৭ কর্মদিবস।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সারা দেশের ৬৫২টি কেন্দ্রে ১ হাজার ৯০৮টি কলেজের নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী মিলিয়ে মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে গড়ে ৪৪ দশমিক ২৭ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষার ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি বা ভুল পাওয়া গেলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করেছে।
ফল প্রকাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানউল্লাহ তার ফেসবুক পোস্টে পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ বলে উল্লেখ করেন। তিনি বলেন, এটিই প্রকৃত পাসের হার। ফলাফলে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি।
উপাচার্য আরও বলেন, মাত্র ২৭ কর্মদিবসে ফল প্রকাশ করা হয়েছে। যেসব শিক্ষার্থী এবার উত্তীর্ণ হতে পারেননি, তাদের পড়াশোনায় আরও মনোযোগী হয়ে পরবর্তী পরীক্ষায় অংশ নেওয়ার পরামর্শ দেন তিনি।
এছাড়া এত শিক্ষার্থী কেন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তা খতিয়ে দেখতে গবেষণা করা হবে বলেও জানান উপাচার্য। একই সঙ্গে তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













