হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮০ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৮৪ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২৬ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮৬ হাজার ৮১৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯৯ জন। সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ১৫৫ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৫৭৬ জন।
এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে মারা গেছেন ১০১ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে এ বিভাগে নতুন করে ৩২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৯৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, সিলেটে ১৩১ জন, বরিশালে ৯৫ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ৩২ জন, রাজশাহীতে ১৫ জন এবং রংপুরে ৯ জন নতুন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













