রাবিতে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবল, শিক্ষার্থী আইসিইউতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫২
অ- অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে ঘুমন্ত অবস্থায় বিষধর কালাচ সাপের ছোবলে এক শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সাপের উপদ্রব নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীদের ‘প্রশাসন কী করে, আমার ভাইকে সাপে কাটে’, ‘প্রশাসনের প্রহসন, মানি না, মানব না’, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘প্রশাসনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইকে সাপে কাটে, প্রভোস্ট কী করে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় জোহা হলের আবাসিক শিক্ষার্থী আশিক বলেন, আমাদের তিনটি যৌক্তিক দাবি ছিল। প্রথমত, আমাদের হলের ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ। ড্রেনগুলো যথাযথভাবে পরিষ্কার ও সংস্কার করা। আমাদের হলটি সীমানার দিকে হওয়ায় এখানে জঙ্গলের পরিমাণ বেশি। হলে একটি ইলেকট্রিক মেশিন দিয়ে নিয়মিত জঙ্গল পরিষ্কার করার ব্যবস্থা করা।

তিনি আরও বলেন, যেহেতু আমাদের হলটি অনেক পুরোনো, সে ক্ষেত্রে হলের অবকাঠামোগত অবস্থা খুবই খারাপ। এ বিবেচনায় আমাদের দাবি ছিল স্নেকনেট লাগানো। এই তিনটি দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঘেরাও করেছি।

এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা পোষণ করে রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, যে হল প্রভোস্ট শিক্ষার্থীদের এসব সমস্যাকে ইগনোর করেন, সেই প্রভোস্টকে বলতে চাই, শিক্ষার্থীরা সাপে কাটার ভয় নিয়ে হলে অবস্থান করতে পারেন, আর আপনি কেন সেই সাপের ভয় পাওয়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পারেন না?

তিনি আরও বলেন, এর আগেও মশারির ওপর এই বিষধর কালাচ সাপ পাওয়া গেছে। এখন সাপ ঢুকে শিক্ষার্থীদের কামড়াচ্ছে। শিক্ষার্থীরা বারবার বলার পরও হল প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।

এর আগে আজ ভোর সাড়ে ৪টার দিকে শামসুজ্জোহা হলের ১৩৮ নম্বর কক্ষে ঘুমন্ত অবস্থায় ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুরনবী ইসলামের পায়ে কালাচ সাপ কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে দায়িত্বরত চিকিৎসকেরা তাকে আইসিইউতে পাঠান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন রুখে দিলো বিজিবি
নেপালে তুষারধসে নিখোঁজ ১০
পিবিআইয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণ শুরু
চোট পেয়ে মাঠের বাইরে থাকবেন এমবাপ্পে