মাউশির নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, ৭ দিনের মধ্যে বন্ধ না করলে আইনি ব্যবস্থা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এসব পেজ ও গ্রুপের কার্যক্রম বন্ধ না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে মাউশি।
রবিবার মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ব্যক্তি বা ব্যক্তিবর্গ মাউশির নাম, পরিচিতি, লোগো বা প্রতীক ব্যবহার করে অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব পেজ ও গ্রুপে দাপ্তরিক বিষয়ে বিভ্রান্তিকর তথ্যের পাশাপাশি অশালীন, মানহানিকর ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রকাশ করা হচ্ছে।
মাউশির ভাষ্য, এসব কর্মকাণ্ডের কারণে শিক্ষক-কর্মকর্তা ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং মাউশির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘Directorate of Secondary and Higher Education-DSHE’ নামের ফেসবুক পেজটিই মাউশির একমাত্র অফিসিয়াল ফেসবুক পেজ। এর বাইরে মাউশির আর কোনো অফিসিয়াল ফেসবুক পেজ নেই।
মাউশি জানিয়েছে, অননুমোদিত পেজ ও গ্রুপের সঙ্গে সংশ্লিষ্টদের আগামী সাত দিনের মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় কোনো অতিরিক্ত সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













