রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হলেন অধ্যাপক মোস্তফা কামাল

রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোস্তফা কামাল। এর আগে তিনি একই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত ১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়।
অধ্যাপক মোস্তফা কামাল এর আগে রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইকরামুল করিম অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার পর গত ৯ জুন থেকে তিনি বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।
অধ্যাপক মোস্তফা কামাল ২২তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। দীর্ঘ শিক্ষকতা জীবনে অধ্যাপক মোস্তফা কামাল রাজবাড়ী সরকারি কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। শিক্ষক পরিষদের সম্পাদক, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান, উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি কলেজের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অভিজ্ঞতা অর্জন করেছেন।
সহকর্মীদের কাছে তিনি দায়িত্বশীল, অভিজ্ঞ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক হিসেবে পরিচিত। দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও সমন্বয় করার সক্ষমতার কারণে কলেজের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা রয়েছে। দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করায় কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে তার রয়েছে বাস্তব অভিজ্ঞতা।
অধ্যক্ষ পদে পদায়নের পর কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তার নতুন দায়িত্বের সফলতা কামনা করেন তারা।
কলেজের কয়েকজন শিক্ষক বলেন, অধ্যাপক মোস্তফা কামাল দীর্ঘদিন ধরে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে আসছেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্বে কলেজের একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি হবে বলে তারা আশা করেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক মোস্তফা কামাল বলেন, ‘রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পাওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। কলেজের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির জন্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













