এক টাকায় ৫২ বছর পড়ানো সেই লুৎফুর পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ অক্টোবর ২০২৬, ১৮:০৩
অ- অ+

গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত লুৎফুর রহমান পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা। দীর্ঘ ৫২ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের মাত্র এক টাকার বিনিময়ে পড়িয়ে আসছেন তিনি। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে তাঁকেও সম্মাননা দেওয়া হয়েছে।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান লুৎফুর রহমানের হাতে সম্মাননা তুলে দেন। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৪ সাল থেকে সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন লুৎফুর রহমান। অর্থের অভাবে যেসব শিশু প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে থাকে, তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই ছিল তাঁর দীর্ঘদিনের কাজ।

নিজের উদ্যোগে গড়ে তোলা এই শিক্ষাসেবা সময়ের সঙ্গে তাঁকে গাইবান্ধায় ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত করে তোলে। প্রাতিষ্ঠানিকভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন না করেও দীর্ঘদিন ধরে তিনি শিক্ষাদানের সঙ্গে যুক্ত। তাঁর কাছে পড়েছে বহু প্রজন্মের শিক্ষার্থী।

মাত্র এক টাকার বিনিময়ে পড়ানোর এই উদ্যোগ শুধু স্বল্প খরচে শিক্ষা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরির একটি ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছে। বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তাঁর দীর্ঘদিনের এই শিক্ষাসেবাকে বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়।

এবারের সম্মাননায় প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার পাশাপাশি বিশেষভাবে অবদান রাখা শিক্ষাব্রতীরাও স্থান পেয়েছেন।

লুৎফুর রহমান ছাড়াও ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় কাজ করা প্রয়াস ইনস্টিটিউট অব স্পেশাল এডুকেশনের সহকারী শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানকে বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে।

সম্মাননার জন্য শিক্ষকদের বিভিন্ন ক্যাটাগরিতে বাছাই করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদরাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক বিচারক ও সার্চ কমিটি এ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এতে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে রুটি চুরির অভিযোগে পথশিশুকে মারধর, অভিযুক্ত নিরাপত্তাকর্মী আটক
আওয়ামী লীগের সঙ্গে কোনো পুনর্মিলন নয়, বিচার নিশ্চিত করতে হবে: কায়সার কামাল
প্রধানমন্ত্রী দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছেন: বস্ত্র প্রতিমন্ত্রী
টেকনাফে ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১