আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে কঠোর প্রশাসন, এসিল্যান্ড সাদিয়া আক্তারের আদালতে ১৪ জনের দণ্ড

ঢাকার জেলাধীন আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে রাতেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জামগড়া এলাকায় মাদক সেবন ও কারবারের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে প্রশাসন যৌথভাবে বিশেষ অভিযান চালায়। অভিযানে ১৪ জন মাদকসেবী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
বিচার শেষে প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়। সাজা ঘোষণার পর রাত ১০টার দিকে প্রিজন ভ্যানে করে সাজাপ্রাপ্তদের ঢাকার আদালতে পাঠানো হয়।
এ বিষয়ে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































