ফরিদপুর-১: রাতের অন্ধকারে ভোটকেন্দ্রে প্রবেশ করে জনরোষের মুখে জামায়াতের প্রার্থী

রাতের অন্ধকারে ভোটকেন্দ্রে প্রবেশ করে জনরোষে পড়েছেন ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। বুধবার রাত ১০টার দিকে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হঠাৎ করে রাতের আঁধারে ইলিয়াস মোল্লার ভোটকেন্দ্রে প্রবেশ করাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা জামায়াতের আমির মো. বদরুদ্দীন বলেন, বিষয়টি জানা নেই। তারপরও এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটানিং কর্মকর্তা রওশনা জাহান জাগো নিউজকে বলেন, রাতের আঁধারে এভাবে ভোটকেন্দ্রে প্রবেশের কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা পরিবর্তন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































