অস্ট্রেলিয়া ভিসা বাতিল করে বাংলাদেশি ধর্মপ্রচারক আজহারিকে দেশ ত্যাগের নির্দেশ

বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়ার সরকার দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। বুধবার (১ এপ্রিল) প্রকাশিত ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আজহারি তার ‘লিগ্যাসি অব ফেইথ’ সিরিজের অংশ হিসেবে ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা সফর করছিলেন। সফরের মাঝপথে তার ভিসা বাতিল করা হয় এবং তিনি এখন অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
এর আগে যুক্তরাজ্যে প্রবেশ এবং বাংলাদেশে প্রকাশ্যে সমাবেশে ধর্মীয় বক্তৃতা দেওয়ার ওপর আজহারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জনাথন ডুনিয়াম জানান, আজহারির আগমন সংক্রান্ত বিভিন্ন গোষ্ঠী সংসদ সদস্যদের সতর্ক করেছিল। সিনেটে তিনি বলেন, “বাংলাদেশে অবস্থিত বিভিন্ন সংস্থা এবং অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ-সহ গোষ্ঠীগুলো বিষয়টি জানিয়েছিল।”
গত ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এক আলোচনায় আজহারি হিটলারের প্রশংসা এবং ইহুদিবিদ্বেষী মন্তব্য করেছেন। তিনি ইহুদিদের অমানবিক আখ্যায়িত করে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান করেন এবং হিটলারকে ‘স্রষ্টা প্রদত্ত শাস্তি’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া, তিনি ইহুদিদের ‘বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী’ ও ‘বিষাক্ত কলঙ্ক’ হিসেবে অভিহিত করেন এবং বিভিন্ন বিশ্ব সমস্যার জন্য দায়ী দাবি করেন।
আজহারির অস্ট্রেলিয়া সফর সোমবার ব্রিসবেনে বক্তৃতার মাধ্যমে শুরু হয়। মেলবোর্নে ৩ এপ্রিল, সিডনিতে ৪ এপ্রিল এবং ক্যানবেরায় ৬ এপ্রিল তার আরও আলোচনা হওয়ার কথা ছিল।
সিনেটর ডুনিয়াম বলেন, “বিশ্বের আরো অনেক জায়গায় জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগ রয়েছে এই বক্তার বিরুদ্ধে এবং তা প্রমাণিত হয়েছে। যুক্তরাজ্যে হিন্দুবিদ্বেষ ছড়ানোর কারণে ২০২১ সালে তার প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল।”
(ঢাকাটাইমস/১ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































