প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেওয়া কবিরকে ঘিরে বিভ্রান্তি, সরেজমিন অনুসন্ধানে যা জানা গেল

টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:২৯| আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১৭:৪১
অ- অ+

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার গঠনের মাত্র দুই মাসের মাথায় ‘কৃষক কার্ড’ কার্যক্রম চালু করেছে বিএনপি সরকার। পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি স্থানীয় ১৫ জন কৃষাণ-কৃষাণীর হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে কৃষক কার্ড নেন টাঙ্গাইল সদর উপজেলার বাসিন্দা কবির হোসেন। তবে এ সংবাদ প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তার কিছু ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হয়, তিনি প্রকৃত কৃষক নন; বরং একজন বিত্তশালী ব্যক্তি। একই সঙ্গে তার এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি কিছু ছবিও ভাইরাল হয়ে পড়ে, যা বিভ্রান্তি আরও বাড়ায়।

এ পরিস্থিতিতে বিষয়টি যাচাই করতে কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর টাঙ্গাইলে গিয়ে সরেজমিন অনুসন্ধান করেন। তারা কবির হোসেনের গ্রাম, কৃষিজমি ও কার্যক্রম ঘুরে দেখেন এবং ভিডিও ধারণ করেন।

অনুসন্ধানে দেখা যায়, কবির হোসেন বাস্তবিকই একজন কৃষক এবং নিয়মিত কৃষিকাজের সঙ্গে যুক্ত।

জানা গেছে, কবির হোসেন টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারুটিয়া গ্রামের বাসিন্দা। তিনি নিজ জমিতে চাষাবাদ করেন এবং পাশাপাশি কৃষকদের জীবনযাপন, কৃষিকাজের অভিজ্ঞতা ও গ্রামীণ বাস্তবতা নিয়ে নিয়মিত কনটেন্ট তৈরি করে ফেসবুকে প্রকাশ করেন।

তবে ২০২৫ সালে তিনি নিজের টাইমলাইনে এআই দিয়ে তৈরি কিছু ছবি পোস্ট করেছিলেন, যা পরে নতুন করে ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তির জন্ম দেয়। মূলত সেই ছবিগুলোকে কেন্দ্র করেই তাকে নিয়ে সমালোচনা শুরু হয়।

স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ব্যক্তি কবির হোসেনের পক্ষে মত দিয়েছেন। তারা জানান, কবির দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে জড়িত এবং এলাকায় একজন কৃষক হিসেবেই পরিচিত।

এদিকে সমালোচনার জবাবে কবির হোসেন নিজেও তার ফেসবুক টাইমলাইনে কৃষিকাজের একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি লিখেছেন, ‘আপনারাই দেখেন আমি কৃষক, নাকি বড় কোনো অফিসার। ভিডিওটা সবাই শেয়ার করবেন।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Government Laboratory High School: A 65-Year Journey of Glory
দুই দিনে বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩৮ জন গ্রেপ্তার, মামলা ৮৬
১০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় মোহাম্মদপুরে বহিষ্কৃত শ্রমিক দল নেতা পিন্টু গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা