প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই হচ্ছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করায় পরীক্ষাটি আয়োজনের আর কোনো বাধা থাকছে না।
বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
এর আগে একই দিনে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নিয়োগ পরীক্ষা স্থগিতের আদেশ দিয়েছিলেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, শনিবার অনুষ্ঠেয় এই পরীক্ষা দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে এবং এনটিআরসিএর ২৫ মার্চ জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও একই মেয়াদের জন্য স্থগিত করা হয়েছে।
এর আগে গত ২৯ জানুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৫৯টি শূন্য পদে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষকদের ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছিল।
রিটকারীদের অভিযোগ, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার ১৯ থেকে ২৫ দিনের মধ্যে জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় পরিবর্তন এনে অভিজ্ঞতার শর্ত ১৮ বছর করা হয়। এতে আগের বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করা অনেক প্রার্থী অযোগ্য হয়ে পড়েন। পরে ২৫ মার্চ আগের বিজ্ঞপ্তি বাতিল করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এই সংশোধিত বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ১১৪ জন আবেদনকারী হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত সংশ্লিষ্টদের কাছে জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করেন এবং শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































