দেশে প্রথমবারের মতো তিনটি ইভি ব্র্যান্ড উন্মোচন করল বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড

দেশের প্রথম অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড (BAIL) তিনটি নতুন ইলেকট্রিক যানবাহন (EV) ব্র্যান্ড উন্মোচন করেছে।
নতুন ব্র্যান্ডগুলো হলো—MEV (চার চাকার যাত্রী ও কার্গো যান), Glider (মোটরবাইক) এবং Otomax (তিন চাকার যান)।
প্রতিটি ব্র্যান্ডের অধীনে একাধিক প্রোটোটাইপ মডেল ইতোমধ্যে প্রদর্শন করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন এই উদ্যোগকে দেশের অটোমোবাইল খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
BAIL কর্তৃপক্ষ জানায়, আগামী তিন মাসের মধ্যেই এসব যানবাহনের বাণিজ্যিক বিক্রি শুরু করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে খুব শিগগিরই প্রি-বুকিং কার্যক্রমও চালু করা হবে।
প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৬ সালের জুনে ঘোষিতব্য নতুন বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত যানবাহনের ওপর ইতিবাচক নীতি সহায়তা পাওয়া গেলে এসব ইলেকট্রিক যানবাহনের দাম আরও প্রতিযোগিতামূলক হবে।
BAIL-এর পক্ষ থেকে জানানো হয়, তারা দেশের জনগণের জন্য সাশ্রয়ী মূল্যের পরিবেশবান্ধব যানবাহন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি ৫ বছরের ওয়ারেন্টি এবং উন্নত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন স্থানীয় ইলেকট্রিক যানবাহন বাজারে আনতে কাজ করছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













