সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তর

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম চিম্বুলুই সীমান্তে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পড়া এক বিজিবি সদস্যকে জরুরি ভিত্তিতে বিজিবির হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।
শনিবার দুপুরে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ বাম হাত ও বাম পায়ে তীব্র ব্যথা এবং অবশভাব অনুভব করেন।
ঘটনার পরপরই ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানায় অবস্থিত বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তার মধ্যে লেফট-সাইডেড হেমিপেরেসিস (Left-sided Hemiparesis)-এর উপসর্গ দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজিবি সূত্র জানায়, দুর্গম পার্বত্য সীমান্ত এলাকায় কর্তব্যরত সদস্যের জীবন ও সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিকভাবে এয়ার ইভাকুয়েশনের ব্যবস্থা করা হয়। অপারেশন ও চিকিৎসা শাখার সমন্বিত উদ্যোগে দ্রুত বিজিবির হেলিকপ্টার মোতায়েন করা হয়।
হেলিকপ্টারটি দুপুর ২টা ৩৬ মিনিটে চিম্বুলুই বিওপি থেকে উড্ডয়ন করে নিরাপদে চট্টগ্রাম সিএমএইচে অবতরণ করে। বর্তমানে হাবিলদার এলাহান মিয়া সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত প্রতিটি সদস্য বাহিনীর জন্য অমূল্য সম্পদ। দায়িত্ব পালনকালে কোনো সদস্য অসুস্থ বা আহত হলে তার জীবনরক্ষা এবং সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাহিনীটি আরও জানায়, সদস্যদের কল্যাণ, নিরাপত্তা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিজিবি সর্বদা মানবিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে। দুর্গম সীমান্ত অঞ্চলেও যাতে কোনো সদস্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যে আধুনিক চিকিৎসা সহায়তা ও জরুরি উদ্ধার ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিজিবির সদস্য হওয়া সত্ত্বেও তাকে সেনাবাহিনী পরিচালিত চট্টগ্রাম সিএমএইচে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































