টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, ১০টি গ্রেনেড ও ২৮ রাউন্ড গুলি উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুন ২০২৬, ১৬:৫৯
অ- অ+

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১০টি তাজা গ্রেনেড, ২৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার এবং ২ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

রবিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, নাফ নদী ও বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ, মাদক ও মানবপাচার, অস্ত্র চোরাচালান এবং সন্ত্রাসী গোষ্ঠীর অনুপ্রবেশ ঠেকাতে বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তবর্তী এলাকায় সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব বাংলাদেশে বিস্তার রোধেও বাহিনী তৎপর রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানার জাদিমুড়া এলাকায় নাফ নদী সংলগ্ন স্থানে একদল সশস্ত্র সন্ত্রাসী বিপুল পরিমাণ গ্রেনেড ও গোলাবারুদ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পরিবহনের উদ্দেশ্যে মাটির নিচে মজুদ করেছে।

এ তথ্যের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মাটির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় মিয়ানমার সামরিক বাহিনীতে ব্যবহৃত ২টি 36M Mk-I হ্যান্ড গ্রেনেড, ৮টি 40 mm HEDP গ্রেনেড এবং ২৮ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়। একই সঙ্গে ২ কেজি গাঁজাও জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানায়, আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় জড়িত সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

বাহিনীটি আরও জানায়, উদ্ধার করা বিস্ফোরকগুলো অসাধু ব্যক্তিদের হাতে পড়লে কিংবা অন্য কোনোভাবে বিস্ফোরিত হলে সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। কোস্ট গার্ডের এ অভিযানের ফলে সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

উদ্ধার হওয়া গ্রেনেড, গোলাবারুদ ও জব্দ করা গাঁজার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিশুর ছবি বিকৃত করে পর্নোগ্রাফি, গ্রেপ্তার ১
ঘুরতে নিয়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩
বেনজীরকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন বিরোধীদলীয় উপনেতা
বেনজীর আহমেদ গ্রেপ্তার ইস্যুতে ফেসবুকে যা লিখলেন পরীমনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা