রাজবাড়ীতে এসিল্যান্ডের ওপর হামলা ও আসামি ছিনতাই, বাগেরহাট থেকে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৬:১০
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের ওপর হামলা এবং মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল শেখকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামির নাম–ফয়সাল শেখ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল তাকে গ্রেপ্তার করে।

রবিবার দুপুরে ফরিদপুর র‍্যাব ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২০ জুন দুপুর আড়াইটার দিকে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে ফয়সাল শেখের দেহ তল্লাশি করে হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে সাজা দেওয়ার প্রক্রিয়ার সময় তার সহযোগীরা সরকারি কর্মকর্তাদের অবরুদ্ধ করে হামলা চালায় এবং ফয়সালকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলার তদন্তের স্বার্থে জড়িতদের গ্রেপ্তারে র‍্যাব-১০-এর সহযোগিতা চাওয়া হলে র‍্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় শনিবারের অভিযানে ফয়সাল শেখকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ফয়সাল শেখ গোয়ালন্দঘাট থানার একাধিক মাদক মামলার আসামি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ১৮ কোটি মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকার : স্বাস্থ্যমন্ত্রী
দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঘাটতি বাজেটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ অর্থবছরের কার্যক্রম শুরু
সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজ করলেন শিক্ষার্থীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা