কোস্ট গার্ডের জরুরি সেবা ১৬১১১-এ কল, যাত্রীবাহী লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা সহায়তা

জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী একটি লঞ্চে অসুস্থ এক নারীকে তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার রাতে এ তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, আজ বিকাল সাড়ে ৫টার দিকে এক ব্যক্তি তার অসুস্থ স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য এমভি সোনার তরী-১ যাত্রীবাহী লঞ্চে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ শ্বাসকষ্টজনিত কারণে ওই নারীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি সংকটাপন্ন হয়ে পড়েন। এ সময় তার স্বামী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লঞ্চে প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে। পরে রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে কোস্ট গার্ডের বোটে করে তাকে দ্রুত সদরঘাটে আনা হয় এবং সেখান থেকে নিকটস্থ মিলেনিয়াম স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও জনগণের প্রয়োজনে এ ধরনের মানবিক ও জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































