টেকনাফে ২ কেজি আইস, জি-৩ রাইফেল ও গুলি উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী সাবরাং ডেইলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস), একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি), একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সাবরাংয়ের ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদক, দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বুধবার দিবাগত রাত থেকে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ৩টা ২০ মিনিট থেকে বিজিবির সদস্যরা কৌশলগত অবস্থান নেন। পরে ভোর চারটার দিকে একটি ইজিবাইকে কয়েকজন ব্যক্তি সাবরাং বাজার থেকে মেরিন ড্রাইভ সড়কের দিকে যাওয়ার সময় বিজিবির অস্থায়ী চেকপোস্টে থামার সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা ইজিবাইকটি ফেলে পালিয়ে যান।
পরে পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ ছাড়া ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি জি-৩ রাইফেলের ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি পাওয়া যায়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মাদক, অস্ত্র, গোলাবারুদ, ইজিবাইক ও অন্যান্য আলামতের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































