এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগাইর থানা এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে নুরুল ইসলাম (৫২) ও সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার আব্দুল জলিলের ছেলে সজীব (৩২)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুই জনকে আটক করা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক দুইজনই সাভারের আনন্দপুর মহল্লায় বসবাস করতেন। এর মধ্যে নুরুল ইসলাম সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর সজীব যুবলীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ।
এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সাভারে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী কর্মসূচির পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চার জন আহত হন।
এ ঘটনায় সাভার মডেল থানায় এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিন নেতাকর্মী আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ঘটনায় তিনি সাভার মডেল থানায় সঙ্গীয় আজাহারুল ইসলাম তামিম ও জুলাইযোদ্ধা ইউনুস আলীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে মামলা করেন।
এদিকে এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন- ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































