‘আমি আপনার বহু আগে ছাত্রদল করেছি’—ছাত্রদল নেতাকে এসপির কড়া জবাব

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১৮:১০
অ- অ+

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় আয়োজিত এক আলোচনা সভায় মহানগর ছাত্রদলের সাবেক এক নেতার অভিযোগের জবাবে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বলেন, “আমি আপনার বহু আগে ঢাকায় ছাত্রদল করেছি।”

বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

সভায় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করে বলেন, এসপি কুমিল্লায় যোগ দেওয়ার পরও “ফ্যাসিস্টরা” এলাকায় অবস্থান করছে, অথচ তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, “এটা রাজনীতির মঞ্চ না। একটা বাহিনী সম্পর্কে আপনি এভাবে কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি, আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি। আপনি যখন একটা মিটিংয়ে কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন।”

এরপর আবারও মাইক নিয়ে ফখরুল ইসলাম মিঠু বলেন, তাঁরা বিভিন্ন বিষয়ে তথ্য দিলেও পুলিশ অনেক ক্ষেত্রে গ্রেপ্তার করে না। এর জবাবে এসপি বলেন, “আপনারা নিজেদের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।”

পুলিশ সুপার আরও বলেন, ৫ আগস্টের পর দেশে কার্যত কোনো পুলিশি ব্যবস্থা ছিল না। সেই অবস্থা থেকে পুলিশ বাহিনী আবার ঘুরে দাঁড়িয়েছে। তাঁর ভাষায়, “এখনো পুলিশে ফ্যাসিস্টের লোকজন আছে। গত ১৭ বছরে বিভিন্ন বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। সরকারকে সময় দিতে হবে। একটা বাচ্চাও খাওয়া শিখতে নয়-দশ মাস লাগে।”

তিনি বলেন, “দেশে বিচারপ্রক্রিয়া চলছে। ইতোমধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ও পুলিশের সাবেক কর্মকর্তা হাবিবের বিরুদ্ধে ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করুন। আমি নিজেও ঢাকায় অনেকের বিরুদ্ধে চার্জশিট দিয়ে এসেছি।”

আলোচনা সভায় কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
থানচিতে দুই মিয়ানমার নাগরিকসহ আটক ৩
হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু
ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন
পেরুতে মিনিবাস খাদে পড়ে নিহত ১৪ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা