হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিস-পাটওয়ারীসহ আহত ১০

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলায় দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১০ নেতাকর্মী ও সাংবাদিক আহতের অভিযোগ পাওয়া গেছে।
এনসিপির দাবি, মঙ্গলবার বিকালে স্থানীয় বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সচিব প্রীতম দাশ বলেন, ‘জুলাই পদযাত্রার অংশ হিসেবে হবিগঞ্জ সার্কিট হাউজের পাশে কর্মসূচি চলাকালে দলের গাড়িবহরে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিতে হামলা চালায়। এতে সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মুবিনসহ ১০ নেতাকর্মী ও কয়েকজন সাংবাদিক আহত হন।’
প্রীতম আরও জানান, হামলাকারীরা হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে থাকা এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস ভাঙচুর করে।
এসময় কয়েকটি মোবাইল ফোন ও ক্যামেরা নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
হামলার অভিযোগ অস্বীকার করে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘ছাত্রদলের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নয়।’
তিনি বলেন, ‘আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনেছি। জানা গেছে, আপত্তিকর বক্তব্য দেওয়ার পর ক্ষুব্ধ কিছু ব্যক্তি তাদের ধাওয়া করেন। এ ঘটনায় ছাত্রদল কিংবা বিএনপির কোনো ভূমিকা নেই।’
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে।’
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































