ধামরাইয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, কুশপুত্তলিকা দাহ

অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকার ধামরাইয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক শালীনতার চরম সীমা লঙ্ঘন করেছেন। দেশের আপামর জনতার প্রিয় নেতাকে নিয়ে এ ধরনের ধৃষ্টতা কোনোভাবেই বরদাশত করা হবে না।
ছাত্রদল নেতারা অবিলম্বে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, অবিলম্বে তাকে গ্রেপ্তার করা না হলে এবং ক্ষমা না চাইলে আগামীতে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ধামরাই উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































