ফরিদপুর নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তি আটক

ফরিদপুর সদর উপজেলা নির্বাচন অফিসে দালাল সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন দায়িত্বে থাকা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
নির্বাচন অফিস ও আনসার-ভিডিপি সূত্রে জানা যায়, দায়িত্বে থাকা আনসার-ভিডিপির ২২ নম্বর ওয়ার্ড দলনেতা মো. আরিফুল ইসলাম অফিস প্রাঙ্গণে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তাঁর আচরণে অসংগতি লক্ষ্য করে নজরদারি শুরু করেন। একপর্যায়ে ওই ব্যক্তি সরে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাঁকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. ফরিদ মোল্লা (৪২)। তিনি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের বাসিন্দা।
পরে বিষয়টি নির্বাচন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হয়। তাঁদের নির্দেশনায় আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর সদর কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নির্বাচন অফিস-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সরকারি সেবা নিতে আসা মানুষের হয়রানি রোধ, দালালচক্রের তৎপরতা প্রতিরোধ এবং অফিসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা নিয়মিত নজরদারি করছেন।
তবে আটক ব্যক্তির বিরুদ্ধে কী অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাঁর বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা নির্বাচন কর্মকর্তারা বিস্তারিত তথ্য জানাননি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































