রুপগঞ্জে ট্রলার ভ্রমণের নামে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড-মাদক সেবন, ইউপি সদস্যসহ ২০ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ট্রলার ভ্রমণের নামে নারীদের সঙ্গে অনৈতিক কর্মকান্ড ও মাদক সেবনের অভিযোগে এক ইউপি সদস্যসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয় এক সংসদ সদস্যের অনুসারী বলে জানা গেছে।
রবিবার রাতে উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মুড়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মানিক মিয়া। এ ছাড়া রনি মিয়া, রাসেল মিয়া, সুমন খান, জাহাঙ্গীর, আলমগীর, শাহাদাত হোসেন, সুজন হোসেন, মুরাদ হোসেন, শফিক, মাহমুদুল হাসান, জুনায়েদ, রনি, চুমকী, মৌ, আখি, রিয়াদ, সালমা, জান্নাত, স্বপ্না, বিপ্লব মিয়া ও আলামিন রয়েছেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, শীতলক্ষ্যা নদীর কাঞ্চন এলাকায় ট্রলার ভাড়া করে ইউপি সদস্যসহ একদল যুবক-যুবতী মদ্যপানসহ অসামাজিক কার্যকলাপ চালাচ্ছেন—এমন তথ্য পুলিশের কাছে আসে।
পরবর্তীতে রূপগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে ইউপি সদস্যসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































