‘হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড ২০২৫’ পেলেন বাংলাদেশের চার তরুণ প্রকৌশলী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২৬, ১৭:২০| আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ১৮:২০
অ- অ+

বাংলাদেশের তরুণ প্রকৌশলীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতাকে উৎসাহিত করতে ‘হোন্ডা ইয়ং ইঞ্জিনিয়ার অ্যান্ড সায়েন্টিস্টস (ওয়াই-ই-এস) অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করা হয়েছে। এবারের অ্যাওয়ার্ড পেয়েছেন দেশের চার তরুণ প্রকৌশলী।

আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এবারের বিজয়ীরা হলেন—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাকিফ নাঈব রাইয়ান, কাজী তাজগীর তাহমিন রেভান ও মো. আদনান রহমান এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লাইলাতুল বরাত সিদ্দিকা।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান নাওকি তাকাহাশি, হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো, অভিনেতা-পরিচালক-লেখক ও অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী এস. এ. আবুল হায়াত, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান, হোন্ডা ফাউন্ডেশনের মহাসচিব গাকু আজুমাই এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টারের (জাইস) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ইউকিয়োশি মাতসুদাসহ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের মন্ত্রী ও উপপ্রধান জনাব নাওকি তাকাহাশি তাঁর বক্তব্যে বলেন, "হোন্ডা সবসময় মানুষ ও সমাজের কল্যাণে প্রযুক্তির ব্যবহারে বিশ্বাসী। ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড বিজ্ঞান ও প্রযুক্তিতে ভবিষ্যৎ নেতৃত্ব দেওয়ার সম্ভাবনাময় তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের জন্য একটি চমৎকার উদ্যোগ। আমি বিশ্বাস করি, আজকের পুরস্কারপ্রাপ্ত তরুণদের উদ্ভাবনী চিন্তা ও সমাধান ভবিষ্যতে বাংলাদেশসহ বিশ্বের টেকসই উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।" হোন্ডা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড প্রোগ্রামের মূল্যায়নকারী অধ্যাপক টাটিও আরিমোতো বলেন, "হোন্ডা ওয়াই-ই-এস অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখার সম্ভাবনা রয়েছে-এমন প্রতিভাবান তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়া এবং উৎসাহিত করা। বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের ধারাবাহিক আগ্রহ ও সম্ভাবনা দেখে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি, অ্যাওয়ার্ডপ্রাপ্তরা তাদের জ্ঞান ও দক্ষতাকে আরও সমৃদ্ধ করবেন, দৃষ্টিভঙ্গির পরিধি প্রসারিত করবেন এবং একটি অধিক টেকসই ভবিষ্যৎ গঠনে অবদান রাখবেন। একই সঙ্গে তারা বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে জানানো হয়, তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের মেধা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী সক্ষমতাকে স্বীকৃতি দিতে হোন্ডা ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে বিভিন্ন দেশে ওয়াই-ই-এস অ্যাওয়ার্ড দিয়ে আসছে। বাংলাদেশে ২০১৯ সালে প্রথমবারের মতো এ কার্যক্রম শুরু হয়।

হোন্ডা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় এবারের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার হিসেবে চার বিজয়ীর প্রত্যেককে ৩ হাজার মার্কিন ডলার, একটি মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়া নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে জাপানে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ‘হোন্ডা ওয়াই-ই-এস প্লাস’ কর্মসূচির আওতায় সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

(ঢাকাটাইমস/২৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় মঙ্গলবার
যশোরে বাবার লাশ বারান্দায় রেখেই জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে আহত ৫
জোবাইদা রহমান-সানিসহ অর্ধশতাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট প্রতারক কাকনের ফোনে!
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা