গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১২ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গত রবিবার রাত ৮টার দিকে ‘এফভি মায়ের দোয়া’ নামের ফিশিং বোটটি ১২ জন জেলেকে নিয়ে মাছ আহরণের সময় গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটের এক জেলে মালিককে ফোন করে বিষয়টি জানান।
এরপর বোটের মালিক কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা থেকে একটি উদ্ধারকারী দল অভিযান শুরু করে। পরে গভীর সমুদ্র এলাকা থেকে বিকল ফিশিং বোটসহ ১২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধার করা জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের প্রয়োজনীয় খাবারও দেওয়া হয়েছে। পরে বোটসহ তাঁদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































