মোংলায় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ৯ হাজার ৪০০ চারা রোপণ

বাগেরহাটের মোংলায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করেছেন। বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৯ হাজার ৪০০ চারা রোপণ করা হবে।
বুধবার (২৬ আগস্ট) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে এনরুট ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির আওতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০ চারা রোপণ করা হবে। এসব চারা উপকূলীয় এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, মোংলা ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই সবুজায়নে কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































