ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জনের মৃত্যু

ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায় চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং ইউনিক পরিবহণের বাসচালক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়লে একটি লং ভেহিক্যালের সঙ্গে এটি বেঁধে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির ইউনিক পরিবহণের বাসটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং বাসচালক নিহত হন। আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































