খুলশীতে আটতলা ভবনে ‘ক্যাসিনো’ পরিচালনা, চীনা-পাকিস্তানিসহ ৬৩ বিদেশি নাগরিক আটক

চট্রগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯
অ- অ+

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের যৌথ দল ওই ভবনে অভিযান চালায়। এ সময় ভবনটি থেকে ল্যাপটপ ও মুঠোফোনসহ প্রায় ৭০টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলশী থানার আওতাধীন একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ের সঙ্গে জড়িত চীনা ও পাকিস্তানি নাগরিকসহ অন্তত ৬৩ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় ভবনটির ভেতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। সেখানে বিদেশি নাগরিকদের উপস্থিতিতে জুয়া বা ক্যাসিনোসদৃশ কার্যক্রম পরিচালিত হতো।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, অভিযানের সময় কথিত ক্যাসিনো বা জুয়ার আসরে বড় অঙ্কের অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। সেখানে কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত ওই অর্থের পরিমাণ বা লেনদেনের নির্দিষ্ট কোনো হিসাব প্রকাশ করেনি পুলিশ।

নগদ অর্থের পাশাপাশি ব্যাংক হিসাব, অনলাইন লেনদেন কিংবা অন্য কোনো মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়েছে কি না, তদন্তে তা খতিয়ে দেখা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে ওই ভবনে নির্দিষ্ট কিছু স্থাপনায় সন্দেহজনক বিদেশি নাগরিকদের যাতায়াত ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছিল। এসব তথ্য যাচাই করতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালায়।

আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই ও জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সাতক্ষীরায় ১০-১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিএসএফকে প্রতিহত করল বিজিবি
পাবনায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু