বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৬
অ- অ+

বরিশাল নগরের প্যারারা রোডে দৈনিক সমকালের সাবেক ব্যুরো কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকালে কার্যালয়ের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের বরিশাল ব্যুরোর সাবেক প্রধান ছিলেন। ২০২৩ সালে তাকে ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপরও তিনি সাবেক কর্মস্থলে যাতায়াত করতেন এবং বিভিন্ন সময় পত্রিকা পড়তে ওই কার্যালয়ে আসতেন।

সমকালের বরিশাল ব্যুরোর বর্তমান প্রধান সুমন চৌধুরী জানান, সন্ধ্যা ছয়টার দিকে তিনি কার্যালয় খুলতে গিয়ে দেখেন, দরজা ভেতর থেকে আটকানো। পরে দরজার ফাঁক দিয়ে তিনি পুলক চ্যাটার্জিকে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থলে সিআইডির একটি দল তদন্ত করবে।

পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরিশালের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার সহকর্মী ও পরিচিত সাংবাদিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তারা।

পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির সদস্য ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই নিষিদ্ধ আ.লীগ মিছিল দিতে পারে: সারজিস
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯১
প্রধানমন্ত্রীর আসনে নিষিদ্ধ আ.লীগের মিছিল ‘ভয়াবহ গোয়েন্দা ব্যর্থতা’: ফয়েজ আহমদ তৈয়্যব
চলতি বছর ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান