ডিইপিজেডে উচ্ছেদ অভিযানে হকারদের ইটপাটকেল, আনসার সদস্য আহত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭
অ- অ+

ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো জোন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে হকারদের ছোড়া ইটপাটকেলের আঘাতে এক আনসার সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যের নাম মো. হাবিবুর রহমান। তাঁকে উদ্ধার করে বেপজা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

ডিইপিজেড কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, আজ সকাল নয়টার দিকে মেজর জেনারেল (অব.) মো. সোয়েবের নেতৃত্বে ডিইপিজেডের কমার্শিয়াল ভবনের সামনের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়। অভিযানে ডিইপিজেড কর্তৃপক্ষ, আনসার ও বেপজা সিকিউরিটি গার্ডের সদস্যরা অংশ নেন।

দুপুর একটার দিকে উচ্ছেদকারী দলের সঙ্গে হকারদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে হকাররা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় একটি ইটের আঘাতে আনসার সদস্য হাবিবুর রহমানের মাথা ফেটে যায়।

পরে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাঁকে উদ্ধার করে বেপজা মেডিকেল হাসপাতালে নিয়ে যান। আহত হাবিবুর বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

উচ্ছেদ অভিযানে দুই পিসিসহ মোট ৪৯ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। দুপুর সোয়া একটার দিকে অভিযান শেষ হয়।

ঘটনার পর ডিইপিজেডের পুরোনো জোন এলাকায় অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডিইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস 
জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
দুই যুগ পর সংস্কার হচ্ছে সংচাইল-বাঙ্গরা সড়ক
রামপুরায় ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও ওয়াকিটকিসহ ৬ জন গ্রেপ্তার