দুই যুগ পর সংস্কার হচ্ছে সংচাইল-বাঙ্গরা সড়ক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৮
অ- অ+

কুমিল্লার মুরাদনগর উপজেলার সংচাইল-বাঙ্গরা সড়কটি প্রায় দুই যুগ পর সংস্কার ও প্রশস্ত করার কাজ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সড়কটির সংস্কার ও ১৮ ফুট প্রশস্তকরণকাজের উদ্বোধন করা হয়।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ভার্চ্যুয়ালি এ কাজের উদ্বোধন করেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ সড়কটির কারণে তাঁদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সংচাইল, হিরাপুর, নবীয়াবাদ, হাটাশ ও বাঙ্গরা গ্রামের মানুষের কুমিল্লা-সিলেট মহাসড়কে যাতায়াতের প্রধান মাধ্যম এই সড়ক। একসময় এসব এলাকায় বর্ষাকালে নৌকায় চলাচল করতে হতো। সড়ক নির্মাণের আগে বর্ষা শেষ হওয়ার পরও যোগাযোগব্যবস্থা ছিল দুর্বল। এতে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ দৈনন্দিন কাজে তাঁদের ভোগান্তি পোহাতে হতো।

স্থানীয় লোকজনের ভাষ্য, প্রায় দুই যুগ আগে তৎকালীন সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সংচাইল-বাঙ্গরা সড়কটি নির্মাণ করেন। এরপর দীর্ঘ সময় সড়কটির উল্লেখযোগ্য সংস্কার হয়নি। গত এক যুগ ধরে সড়কটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে বলে তাঁরা জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁরা সড়কটি সংস্কারের জন্য ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে অনুরোধ করেন। তিনি নির্বাচিত হলে সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে তাঁদের দাবি। সেই প্রতিশ্রুতির পর আজ সড়কটির সংস্কার ও প্রশস্তকরণকাজের উদ্বোধন করা হলো।

উদ্বোধন অনুষ্ঠানে মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খান, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, শাহ আলম সরকার, জহিরুল ইসলাম সিদ্দিকী ও নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ, নবীয়াবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, চিকিৎসক ইয়াছির আরাফাত রিমন এবং দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জয়নাল মোল্লার সঞ্চালনায় আরও বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান মানিক, মুখলেছুর রহমান হিরন, আইনজীবী নুর মোহাম্মদ, অবিদ হোসেন অবিদ, আনিছ খান ও গোলাম মোস্তফা।

‘এতদিন গাড়ি চালাতে গিয়ে কোমর ব্যথা হয়ে যেত’

সড়ক সংস্কারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা গেছে। অটোরিকশাচালক খোকন মিয়া বলেন, ‘আমরা যখন খুব ছোট, তখন দেখেছি কায়কোবাদ দাদা এই রাস্তা করে দিয়েছেন। তিনি বিদেশে যাওয়ার পর রাস্তাটি আর কেউ ঠিক করেনি। এতদিন গাড়ি চালাতে গিয়ে কোমর ব্যথা হয়ে যেত। গাড়িও কিছুদিন পরপর ঠিক করতে হতো। এখন রাস্তাটি সংস্কার হবে, এতে আমরা খুশি।’

নবীয়াবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম বলেন, ‘আমি যখন এ এলাকায় আসি, তখন এখানে কোনো সড়ক ছিল না। নৌকায় মানুষ চলাচল করত। তৎকালীন সময়ে এমপি নির্বাচিত হয়ে বর্তমান ধর্মমন্ত্রী সংচাইল-বাঙ্গরা সড়কটি নির্মাণ করেন। এরপর আওয়ামী লীগের দুই এমপি দায়িত্ব পালন করলেও সড়কটি সংস্কার হয়নি।’

তিনি বলেন, ‘দীর্ঘদিনের দুর্ভোগের কথা চিন্তা করে ধর্মমন্ত্রী সড়কটি সংস্কার করে দিচ্ছেন। এতে এলাকার শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষ আনন্দিত।’

এই সড়কের সঙ্গে পাশের দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের মানুষেরও যোগাযোগ রয়েছে। ওই এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসাইন সজিব বলেন, ‘আমাদের বাড়ি দেবিদ্বারের সীমানায় হলেও আত্মীয়স্বজন, কৃষিজমি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এই সড়কের যোগাযোগ রয়েছে। সড়কটি সংস্কার হলে আমাদেরও উপকার হবে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস 
জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
ডিইপিজেডে উচ্ছেদ অভিযানে হকারদের ইটপাটকেল, আনসার সদস্য আহত