কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী কায়কোবাদ

মুরাদনগরে সড়কের উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম না করার জন্য ঠিকাদারদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে সড়কের কাজের জন্য কেউ চাঁদা বা ঘুষ দাবি করলে তাকে থানায় সোপর্দ করার পরামর্শ দিয়েছেন তিনি।
শনিবার সকালে মুরাদনগর-রামচন্দ্রপুর-বাঞ্ছারামপুর সড়কের মুরাদনগর-রামচন্দ্রপুর অংশের উন্নয়নকাজের ভার্চ্যুয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘যে ভাই ঠিকাদারের কাজ পেয়েছেন, তাঁকে অনুরোধ করব, সড়কের কাজটা সঠিকভাবে করবেন। মুরাদনগরের কাউকে চাঁদা দিতে হবে না, কাউকে ঘুষ দিতে হবে না। যদি কেউ চাঁদা চায়, ঘুষ চায়, তাকে থানায় সোপর্দ করবেন। না হয় আমাকে জানাবেন।’
তিনি বলেন, ‘মুরাদনগর হবে চাঁদাবিহীন, ঘুষবিহীন ও দুর্নীতিমুক্ত।’
সড়কের কাজের মান ঠিক রাখার ওপর গুরুত্ব দিয়ে ধর্মমন্ত্রী বলেন, যিনি কাজটি পেয়েছেন, তাঁকে ভালোভাবে কাজ করার জন্য সহযোগিতা করতে হবে। সড়কটি ভালো হলে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।
মুরাদনগরে বিভিন্ন সড়ক সংস্কার ও প্রশস্ত করার উদ্যোগের কথা তুলে ধরে কায়কোবাদ বলেন, ‘আল্লাহর রহমতে আমাদের তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়েছেন বলেই আজ এ সড়কটির সংস্কারকাজ হচ্ছে।’ গত কয়েক মাসে মুরাদনগরে বেশ কয়েকটি সড়ক সংস্কার ও প্রশস্ত করার সুযোগ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
নিজের রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে ধর্মমন্ত্রী বলেন, ‘আপনারা আবার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আল্লাহ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আপনারা আমাকে মাননীয় মন্ত্রী বলবেন না, আমি আপনাদের কামলা। ছয়বার আমাকে নির্বাচিত করেছেন আপনাদের কাজ করার জন্য। আমি আপনাদের কাজ করে যাচ্ছি, কাজ করে যাব যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন।’
মুরাদনগরকে দুর্নীতি, অন্যায় ও মাদকমুক্ত করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, সাধারণ ও দরিদ্র মানুষের জন্য একটি মুরাদনগর গড়ে তুলতে চান তিনি।
অনুষ্ঠানে স্থানীয় বক্তারা জানান, মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
সিএনজিচালক শাওন বলেন, দীর্ঘদিন ধরে ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে তাঁকে ভোগান্তিতে পড়তে হয়েছে। সংস্কারকাজ শুরু হওয়ায় তাঁরা আনন্দিত।
কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন বলেন, ‘সড়কটি আগে আইলের মতো ছিল। কাদা-পানিতে ভরা ওই জায়গায় প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হয়েছিল। এখন আবার সেটির সংস্কারকাজ শুরু হলো।’
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রকিবুল হক শিপন বলেন, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন ছিল। এতে যানবাহন চলাচলে সমস্যা হতো এবং দুর্ঘটনাও ঘটত। সংস্কার হলে মানুষের দুর্ভোগ কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম মহিউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা, মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া ও নজরুল ইসলাম।
উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ধর্মমন্ত্রীর উন্নয়ন কর্মকর্তা সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা যুবদলের সভাপতি সোহেল সামাদ, সদস্যসচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ ও ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













