কুষ্টিয়ায় শিক্ষককে আটক, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে বাসায় পৌঁছে দিল পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এক স্কুলশিক্ষককে আটক করে পুলিশ হেফাজতে দিয়েছিল স্থানীয়রা। বিষয়টি নজরে এলে প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিক্ষককে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়ক এলাকা থেকে ওই শিক্ষককে আটক করা হয়। তিনি দৌলতপুর উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।
রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান।
পোস্টে মাহদী আমিন লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে শ্রেণিকক্ষে ওই শিক্ষকের কটূক্তি ও আপত্তিকর মন্তব্যের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও অধিবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে তারা বিক্ষোভ করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ওই শিক্ষককে হেফাজতে নেয়।
মাহদী আমিন জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট থানাকে শিক্ষককে সসম্মানে ছেড়ে দিয়ে নিরাপদে তার বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশে পরে পুলিশ ওই শিক্ষককে বাসায় পৌঁছে দেয়।
প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা আরও লিখেছেন, প্রধানমন্ত্রী মনে করেন, মানুষের মধ্যে মতের ভিন্নতা থাকতেই পারে। প্রত্যেক মানুষের দৃষ্টিভঙ্গি ও মতামত তার নিজস্ব। কারও মতের সঙ্গে একমত না হলেও তার মতপ্রকাশের অধিকারকে সম্মান করা উচিত।
ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি এই সম্মানই গণতন্ত্রের শক্তি বলে মনে করেন প্রধানমন্ত্রী। তার বিশ্বাস, ইতিবাচক আচরণ, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের সংস্কৃতি সমাজকে আরও শক্তিশালী করবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













