সেন্ট মার্টিনে রাতযাপনের নিয়ম বদলাচ্ছে

সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের রাতযাপনের নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। দ্বীপে পর্যটকদের রাতযাপনের সুযোগ বাড়ানোর বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে নতুন গাইডলাইন তৈরি করছে পরিবেশ মন্ত্রণালয়। আগামী ১৫ অক্টোবরের মধ্যে সংশোধিত গাইডলাইন প্রকাশ করা হতে পারে।
পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষার পাশাপাশি সেন্ট মার্টিনের বাসিন্দাদের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন গাইডলাইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
২০২৪ সালের অক্টোবরে সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য ১২টি নির্দেশনা জারি করা হয়। ওই নির্দেশনা অনুযায়ী, ডিসেম্বর ও জানুয়ারি—এই দুই মাস নির্দিষ্টসংখ্যক পর্যটকের রাতযাপনের সুযোগ রাখা হয়েছিল। আর নভেম্বর মাসে শুধু দিনের বেলায় দ্বীপ ভ্রমণের অনুমতি ছিল; রাতে থাকার সুযোগ ছিল না।
এবার ওই নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ভ্রমণ করে সেন্ট মার্টিনে গিয়ে মাত্র কয়েক ঘণ্টা অবস্থান করে আবার কক্সবাজারে ফিরে আসা পর্যটকদের জন্য স্বাস্থ্যকর অভিজ্ঞতা নয়।
প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর সঙ্গে আলোচনা হয়েছে। দ্বীপে পর্যটকদের রাতযাপনের সুযোগ বাড়ানোর বিষয়ে তাঁরা একমত হয়েছেন। আগের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে সক্রিয়ভাবে আলোচনা চলছে বলেও জানান তিনি।
তবে পর্যটকের সংখ্যা কত হবে বা রাতযাপনের সময়সীমা কতটা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে শুনানি ও বৈঠক হবে। সেখানে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত বিবেচনা করে নতুন গাইডলাইন চূড়ান্ত করা হবে।
পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৫ অক্টোবরের মধ্যে সংশোধিত গাইডলাইন প্রকাশের সম্ভাবনা রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













