বাংলাদেশে যাত্রা শুরু করল ৭-সিটার প্লাগ-ইন হাইব্রিড এসইউভি এমজি এস৯ গাড়ি

বাংলাদেশের বাজারে নতুন ৭-সিটার প্লাগ-ইন হাইব্রিড (PHEV) এসইউভি ‘এমজি এস৯’ উন্মোচন করেছে এমজি বাংলাদেশ। তিন সারির আসন, বৈদ্যুতিক ড্রাইভিং সুবিধা ও পেট্রল ইঞ্জিনের সমন্বয়ে তৈরি গাড়িটি দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি দীর্ঘ দূরত্বের ভ্রমণের কথা বিবেচনা করে বাজারে আনা হয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, এমজি এস৯ আন্তর্জাতিকভাবে ‘সেরা প্লাগ-ইন হাইব্রিড ৭-সিট এসইউভি’ হিসেবে ‘হোয়াটকার অ্যাওয়ার্ডস’-এ স্বীকৃতি পেয়েছে।
এমজি এস৯ পিএইচইভিতে রয়েছে ১.৫ লিটার টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন, একটি ইলেকট্রিক মোটর এবং ২৪.৭ কিলোওয়াট-আওয়ার ব্যাটারি। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গাড়িটি একবার চার্জে ১০০ কিলোমিটারের বেশি বৈদ্যুতিক রেঞ্জ দিতে পারে। পূর্ণ চার্জ ও জ্বালানি ট্যাংক থাকলে এর মোট ড্রাইভিং রেঞ্জ ১ হাজার কিলোমিটারের বেশি।
গাড়িটির দৈর্ঘ্য ৪ হাজার ৯৮৩ মিলিমিটার এবং হুইলবেস ২ হাজার ৯১৫ মিলিমিটার। তিন সারিতে প্রাপ্তবয়স্কদের বসার সুবিধার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় সারির আসন ভাঁজ করলে লাগেজ ধারণক্ষমতা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৯৩ লিটারে।
এসইউভিটিতে ১৯০ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে। ফিচারের মধ্যে রয়েছে প্যানোরামিক ওপেনিং সানরুফ, ম্যাসাজিং ফ্রন্ট সিট, ট্রাই-জোন ক্লাইমেট কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং ও স্মার্ট পাওয়ার টেলগেট।
এ ছাড়া ওয়্যারলেস অ্যাপল কারপ্লে ও অ্যান্ড্রয়েড অটো, ওয়্যারলেস স্মার্টফোন চার্জিং এবং ১২-স্পিকারের বোস অডিও সিস্টেমসহ দুটি ১২.৩ ইঞ্চির ডিসপ্লে রয়েছে।
নিরাপত্তার জন্য গাড়িটিতে এমজি অটো পাইলট নামে লেভেল-৫ এডিএএস প্রযুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, অটোনমাস ইমার্জেন্সি ব্রেকিং, লেন-কিপিং অ্যাসিস্ট্যান্স, ব্লাইন্ড-স্পট ডিটেকশন ও রিয়ার ক্রস-ট্রাফিক অ্যালার্টের মতো ফিচার রয়েছে। পাশাপাশি ৩৬০ ডিগ্রি এইচডি পার্কিং ক্যামেরাও রয়েছে।
বাংলাদেশে দাম ও সুবিধা
এমজি বাংলাদেশের তথ্য অনুযায়ী, প্রথম ১০০টি এমজি এস৯ পিএইচইভির প্রারম্ভিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ লাখ ৯০ হাজার টাকা। এরপরের ইউনিটগুলোর দাম হবে ৬৪ লাখ ৯০ হাজার টাকা।
প্রতিটি গাড়ির সঙ্গে দুটি ১১ কিলোওয়াটের হোম চার্জিং স্টেশন বিনামূল্যে দেওয়া হচ্ছে। গাড়িটির সঙ্গে রয়েছে আট বছরের ওয়ারেন্টি।
এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরী বলেন, বাংলাদেশি পরিবারগুলোর দৈনন্দিন যাতায়াত ও দীর্ঘ দূরত্বের ভ্রমণের প্রয়োজন বিবেচনা করেই এস৯ পিএইচইভি বাজারে আনা হয়েছে। গাড়িটির বৈদ্যুতিক রেঞ্জের পাশাপাশি দীর্ঘ যাত্রায় পেট্রল ইঞ্জিন ব্যবহারের সুবিধা রয়েছে বলেও জানান তিনি।
এমজি বাংলাদেশের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান বলেন, বড় কেবিনের পাশাপাশি স্মার্ট প্রযুক্তি, জ্বালানি দক্ষতা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী পারফরম্যান্স এস৯ পিএইচইভির অন্যতম বৈশিষ্ট্য।
এমজি বাংলাদেশের শোরুমগুলোতে এস৯ পিএইচইভি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। আগ্রহী ক্রেতারা গাড়িটি দেখে টেস্ট ড্রাইভের জন্য বুকিং করতে পারবেন। মূল্য, বুকিং ও টেস্ট ড্রাইভের বিষয়ে জানতে ০৯৬১৭-৪৫৪৫৪৫ নম্বরে যোগাযোগ করা যাবে।
(ঢাকাটাইমস/৩ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













