পিরোজপুরে কোস্ট গার্ডের অভিযানে ৬ কোটি ৮০ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি পিস-লেহেঙ্গা জব্দ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৫৭
অ- অ+

পিরোজপুরে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পোশাক জব্দ করা হয়েছে। জব্দ করা পোশাকের আনুমানিক মূল্য ৬ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা।

গতকাল শনিবার দিবাগত রাত ১২টার দিকে পাথরঘাটা থানার দক্ষিণ চরদুয়ানীসংলগ্ন বিষখালী নদীতে অভিযানটি শুরু হয়। আজ রোববার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটার একটি দল বিষখালী নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে পিরোজপুরের পুরোনো ফেরিঘাটসংলগ্ন কঁচা নদীর তীর থেকে বোটটি আটক করা হয়। এরপর বোটটিতে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৪৮১টি ভারতীয় শাড়ি, ৫০টি ভারতীয় থ্রি পিস ও ৫০টি ভারতীয় লেহেঙ্গা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের ভাষ্য, এসব পোশাক অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয়েছিল। অভিযানের সময় চোরাকারবারিরা নদীর তীরে বোট রেখে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা পোশাক ও ফিশিং বোট পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পিরোজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনা-ঝালকাঠি থেকে সহযোগী এনে ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন পিচ্চি আল-আমিন: এসআরবি
ঢাবিকে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত
মাউশির নামে ভুয়া ফেসবুক পেজ-গ্রুপ, ৭ দিনের মধ্যে বন্ধ না করলে আইনি ব্যবস্থা