টাঙ্গুয়ার হাওরে অবৈধ জালের বিরুদ্ধে মাঠে আনসার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬টি নৌকা ও প্রায় ৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নৌকার মাঝিদের জরিমানা করা হয় এবং জব্দ করা কোনা ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য কর্মকর্তার যৌথ নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে রুপনগর, গোলাবাড়ি ও রামসিংহপুর ক্যাম্পের ১৪ জন অঙ্গীভূত আনসার সদস্য এবং কয়েকজন পুলিশ সদস্য অংশ নেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, অভিযানে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৭টি কোনা জাল, যার দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার, এবং ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ছাড়া ৬টি নৌকা জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে জব্দ করা নৌকাগুলোর মাঝিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ের পর নৌকাগুলো ছেড়ে দেওয়া হয়।
তবে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কোনা ও কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে আনসার সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











