দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
তিনি বলেছেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।
আজ মঙ্গলবার ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও প্রাসঙ্গিক বিষয়ে প্রস্তুতিমূলক সভায় এসব কথা বলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
সভায় ডিআইজি বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে রেঞ্জের আওতাধীন জেলাগুলোর পুলিশ সুপারদের সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সার্বক্ষণিক অনলাইন নজরদারি রাখা হবে বলেও জানান তিনি। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি।
মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে ডিবি ও ডিএসবির সদস্যরা মাঠে কাজ করবেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে।
তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনে জাতি, ধর্ম, বর্ণ ও পেশা–নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজাদ জাহান, এসআরবি-১৪ ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মাসুদ রানা, আনসার ও ভিডিপির উপমহাপরিচালকের কার্যালয়, ময়মনসিংহের পরিচালক মোল্যা আবু সাইদ পিভিএমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ময়মনসিংহ বিভাগ ও জেলা পর্যায়ের পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা সভায় উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












