প্রবাসীদের জন্য নতুন সুযোগ দিল সৌদি, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি

প্রবাসীদের জন্য বড় সুখবর দিয়েছে সৌদি আরব। এখন দেশটিতে কাজের ভিসার প্রক্রিয়া পুরোপুরি শেষ হওয়ার আগেই দক্ষ বিদেশি কর্মীরা তাদের যোগ্য পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করতে পারবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর ফলে উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের পরিবার নিয়ে সৌদি আরবে যাওয়ার প্রক্রিয়া আরও সহজ হলো। খবর গালফ নিউজের।
নতুন নিয়ম অনুযায়ী, যোগ্য বিদেশি কর্মীরা তাদের স্বামী বা স্ত্রী, ২৫ বছরের কম বয়সী ছেলে এবং অবিবাহিত মেয়েদের সৌদি আরবে নিয়ে যেতে পারবেন। তবে এ জন্য নির্ধারিত সব শর্ত ও আবেদনের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
নতুন ব্যবস্থায় উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীর কর্মসংস্থান ভিসা প্রক্রিয়াকরণের পাশাপাশি যোগ্য পরিবারের সদস্যদের জন্য প্রবেশ ভিসাও দেওয়া যেতে পারে। অর্থাৎ পরিবারের সদস্যদের সৌদি আরবে আনার প্রক্রিয়া শুরু করার জন্য কর্মীর ওয়ার্ক ভিসা পুরোপুরি সম্পন্ন হওয়ার অপেক্ষা করতে হবে না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি কর্মীর ওয়ার্ক ভিসার প্রক্রিয়া চলাকালীনই যোগ্য পরিবারের সদস্যদের প্রবেশ ভিসা দেওয়া হতে পারে। তবে এর জন্য আবেদনের সব শর্ত পূরণ করতে হবে।
সৌদি আরবে পৌঁছানোর পর প্রবাসী কর্মীদের পরিবারের সদস্যদের বসবাসের অনুমতিপত্র বা রেসিডেন্স পারমিট দেওয়ার প্রক্রিয়া দেশটির প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সম্পন্ন করা হবে।
নতুন এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবে কর্মরত বা দেশটিতে কাজের জন্য যেতে ইচ্ছুক উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের জন্য পরিবার নিয়ে বসবাসের সুযোগ আরও সহজ হবে।
(ঢাকাটাইমস/৭ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













