‘জলপরী’র গুজব ছড়ানো সেই পুকুরে জাল ফেলল প্রশাসন, মিলল সিলভার কার্প

নরসিংদী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২৬, ২৩:৩৫
অ- অ+

নরসিংদীর মনোহরদীতে একটি পুরোনো পুকুরে ‘জলপরী’ দেখা যাওয়ার গুজব ছড়িয়ে পড়ার পর সেখানে জাল ফেলে তল্লাশি চালিয়েছে প্রশাসন। তবে পুকুরে মাছ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি। তল্লাশির সময় সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের আলালপুর গ্রামে। স্থানীয় বাসিন্দা কবির আহমেদ ভূঁইয়ার প্রায় ২০০ বছরের পুরোনো পারিবারিক পুকুরকে ঘিরে গত কয়েক দিন ধরে এই গুজব ছড়িয়ে পড়ে। এর পর দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন হাজারো মানুষ পুকুরপাড়ে ভিড় করছেন।

পুকুরের মালিকপক্ষের ভাষ্য, সেখানে দীর্ঘদিন ধরে সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হচ্ছে। কিছুদিন আগে একসঙ্গে কয়েকটি সিলভার কার্প মাছ সাঁতার কাটার একটি দৃশ্যকে কেন্দ্র করে কেউ কেউ সেটিকে ‘জলপরী’ বলে প্রচার শুরু করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই প্রচারের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়ে।

এর পর পুকুরপাড়ে নানা ধরনের অন্ধবিশ্বাসমূলক কর্মকাণ্ড শুরু হয়। কেউ সেখানে ভোগ দেন, কেউ পূজা করেন। আবার কেউ অলৌকিক লাভের আশায় পুকুরের পানি শরীরে মাখছেন কিংবা বোতলে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের ভাষ্য।

এতে পুকুরের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি ভিড়ের কারণে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন মালিকপক্ষ।

গুজব ঠেকাতে মঙ্গলবার বিকেলে পুকুরটিতে জাল ফেলে তল্লাশি চালায় উপজেলা প্রশাসন। মনোহরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, তল্লাশিতে মাছ ছাড়া অন্য কোনো কিছুর অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙামাটিতে হারানো ৫৩ মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল এপিবিএন
আটলান্টিক মহাসাগরে মেডিকেল বিমান বিধ্বস্ত, নিহত ৬
মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু
হাজীগঞ্জে মন্দির হামলা মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড